
আনোয়ার হোসেন তরফদার, ভালুকা প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ফারহানা চৌধুরী বেবী। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
ফারহানা চৌধুরী বেবী বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
সংরক্ষিত নারী আসনে প্রার্থী হওয়ার মাধ্যমে তিনি জাতীয় রাজনীতিতে আরও সক্রিয় ভূমিকা রাখতে আগ্রহ প্রকাশ করেছেন।
পারিবারিকভাবেও তিনি একটি সুপরিচিত রাজনৈতিক পরিবারের সদস্য। তিনি ভালুকা আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত আমানউল্লাহ চৌধুরীর কন্যা। বাবার রাজনৈতিক আদর্শ ও জনগণের সঙ্গে নিবিড় সম্পর্কের ধারাবাহিকতা বজায় রেখে তিনি মানুষের সেবা করতে চান বলে জানিয়েছেন।
তার মাতা মরহুমা রাহিজা খানম ঝুনু ছিলেন ২১শে পদকপ্রাপ্ত এবং জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি। এছাড়া তার দাদা মরহুম আফতাব উদ্দিন চৌধুরী চাঁন মিয়া জমিদার ছিলেন এলাকার একজন প্রভাবশালী ব্যক্তিত্ব এবং আধুনিক ভালুকার রূপকার হিসেবে পরিচিত। তিনি পাকিস্তান জাতীয় পরিষদের সাবেক এমএনএ এবং পরবর্তীতে বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।
মনোনয়ন ফরম সংগ্রহের মাধ্যমে ফারহানা চৌধুরী বেবী আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের প্রস্তুতি শুরু করেছেন। ইতোমধ্যে তার প্রার্থিতা নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা শুরু হয়েছে।
