শরীয়তপুরের জাজিরায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, শরীয়তপুর : শরীয়তপুরের জাজিরা উপজেলায় মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ এপ্রিল) জাজিরা থানার জাজিরা ইউনিয়ন ও বড়কান্দি ইউনিয়নের দুটি সেবামূলক সংগঠন—সহযাত্রী সমাজকল্যাণ পরিষদ ও আলোকিত দূর্বাডাঙ্গার উদ্যোগে দূর্বাডাঙ্গা বাজারে এ কর্মসূচি আয়োজন করা হয়।

পূর্বঘোষণা অনুযায়ী আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে সমাজে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখার আহ্বান জানানো হয়। কর্মসূচির অংশ হিসেবে সাধারণ মানুষের মাঝে মাদকবিরোধী লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের সহযোগিতায় শিক্ষার্থীদের মধ্যেও লিফলেট বিতরণ এবং মাদকের ক্ষতিকর প্রভাব নিয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়।

নির্ধারিত দিনে আয়োজিত মাদকবিরোধী র‍্যালিটি দূর্বাডাঙ্গা বাজার ও আশপাশের সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে একটি পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, গত প্রায় এক বছরে এসব এলাকায় মাদকের ভয়াবহ বিস্তার লক্ষ্য করা গেছে। স্থানীয় সচেতন মানুষের উদ্যোগে কয়েকজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করা হলেও মাদকের বিস্তার পুরোপুরি কমেনি। উদ্বেগজনক বিষয় হলো, নতুন করে অনেক তরুণ এই নেশার সঙ্গে জড়িয়ে পড়ছে। সেই বাস্তবতা থেকেই সমাজকে সচেতন করার লক্ষ্যে ধারাবাহিক এই সচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এই কর্মসূচিতে জাজিরা ইউনিয়ন ও বড়কান্দি ইউনিয়নের বিপুল সংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন, যা আয়োজকদের আরও অনুপ্রাণিত করেছে।

উদ্যোগ বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করেন দিপু মাদবর, শেখ সালমান ফারসী, ফাইজুর, জয়নাল আবেদীন, জীবন মাদবর, আমিরসহ এলাকার আরও অনেক সচেতন ব্যক্তি।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সমাজে ভালো কাজের প্রতিযোগিতা হোক—এটাই সবার কাম্য। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হলে সবাইকে একাত্মবদ্ধ হয়ে কাজ করতে হবে। তারা ভবিষ্যতেও এ ধরনের সমাজকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *