
নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহ ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়নের নিশিন্দা গ্রামে জমি দখলের চেষ্টা, গাছ কাটা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মো. আইনুল হক ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, নিশিন্দা গ্রামের বাসিন্দা আইনুল হক দাবি করেন, তিনি তাঁর ক্রয় করা ১৪ শতাংশ ভিটাবাড়ির জমিতে দীর্ঘদিন ধরে বাড়িঘর নির্মাণ করে ভোগদখলে আছেন। জমিটির মৌজা নিশিন্দা, খতিয়ান নম্বর ২৫-৭৬০ এবং দাগ নম্বর ২৩৬, ২৩৮ ও ২৩৯।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, তাঁর ছোট ভাই মো. শাহজাহান মিয়া (৪৫) দীর্ঘদিন ধরে ওই জমি জবরদখলের চেষ্টা করে আসছেন। এ নিয়ে প্রতিবাদ করলে বিভিন্ন সময় তাঁকে মারধর ও খুনজখমসহ নানা ধরনের হুমকি দেওয়া হয়। স্থানীয়ভাবে একাধিকবার বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি।
অভিযোগে আরও বলা হয়, গত ২১ এপ্রিল সকাল আনুমানিক ৯টার দিকে শাহজাহান মিয়া অজ্ঞাতনামা সাত থেকে আটজনকে সঙ্গে নিয়ে আইনুল হকের জমিতে প্রবেশ করেন। এ সময় সেখানে থাকা পাঁচটি আমগাছ কেটে ফেলা হয় এবং ভাঙচুর চালিয়ে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করা হয়।
আইনুল হকের স্ত্রী মোছা. জামিনা খাতুন বাধা দিতে গেলে অভিযুক্তরা তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং দা ও লাঠি নিয়ে তেড়ে আসেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা জমি জবরদখল, মিথ্যা মামলা এবং প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান।
ভুক্তভোগী আইনুল হক বলেন, জমি নিয়ে যেকোনো সময় আইনশৃঙ্খলার অবনতি ও খুনজখমের ঘটনা ঘটতে পারে। তিনি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মো. শাহজাহান মিয়া। তিনি বলেন, তাঁদের মধ্যে আগে থেকেই জমিজমা নিয়ে পারিবারিক বিরোধ রয়েছে। গাছ কাটার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কোনো গাছ কাটা হয়নি; এ ধরনের অভিযোগ মিথ্যা।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
