ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

মোঃ কাউছার খান

ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়েছে। বুধবার (২০ মে) সকালে ময়মনসিংহ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত এ সভায় জেলার আইনশৃঙ্খলা রক্ষা, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও পেশাগত দক্ষতায় অবদান রাখা সদস্যদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেডে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। সভার শুরুতে পবিত্র কোরআনসহ বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়।

২০২৬ সালের এপ্রিল মাসের পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হন হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা পান ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে আরও কয়েকজন পুলিশ সদস্যকে সম্মাননা দেওয়া হয়।

সভায় পিআরএলে যাওয়া তিন পুলিশ সদস্যকে ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। একই সঙ্গে পুলিশ সদস্যদের কল্যাণ, কর্মপরিবেশ ও বিভিন্ন সমস্যার বিষয়ে আলোচনা করে তা সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা দেন পুলিশ সুপার।

সভায় পুলিশ সুপার বলেন, জনগণের আস্থা অর্জনে দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব, সততা ও মানবিক আচরণের বিকল্প নেই। পরে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *