
ডেস্ক রিপোর্ট: ফরাসি দ্বীপ মায়োতে যাওয়ার সময় পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারে নৌকাডুবিতে ২২ জনের মৃত্যু হয়েছে। ডুবে যাওয়া ওই নৌকায় প্রায় অর্ধশত আরোহী ছিলেন।
সোমবার (১৩ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, মাদাগাস্কার থেকে ফরাসি দ্বীপ মায়োতেযাওয়ার সময় একটি নৌকা ডুবে ২২ জনের মৃত্যু হয়েছে বলে মাদাগাস্কারের বন্দর কর্তৃপক্ষ রবিবার জানিয়েছে।
এক বিবৃতিতে মাদাগাস্কারের মেরিটাইম অ্যান্ড রিভার পোর্ট এজেন্সি জানিয়েছে, মাদাগাস্কারের উত্তরে আনকাজোমবোরোনা সমুদ্রে গত শনিবার ৪৭ জন আরোহীকে বহনকারী ওই নৌকাটি ডুবে যায়।
সংস্থাটি বলেছে, ডুবে যাওয়া নৌকাটি দুর্ঘটনার শিকার হয়েছিল। পরে নৌকার ২৩ জনকে জীবিত উদ্ধার করা হয় এবং ২২ জনের মৃতদেহ পাওয়া যায়। বাকি দু’জনের খোঁজ পাওয়া যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক আফ্রিকার একজন পুলিশ কর্মকর্তা বলেন, যাদের উদ্ধার করা হয়েছে তাদের বেশিরভাগই মায়োতে ভ্রমণের চেষ্টা করার কারণে গ্রেফতার এড়াতে পালিয়ে গেছেন।
