
মিলন হাসান
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে গলায় রশি পেঁচানো এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে মহানগরীর পূবাইল থানাধীন বাদুন নাগপাড়া এলাকার জয়দেবপুর-পূবাইল সড়কের পাশের জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়। আনুমানিক ৩৫/৩৬ বছর বয়সের নিহত ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পূবাইল থানার এসআই মো: শওকত এমরান জানান, মঙ্গলবার সকালে বাদুন নাগপাড়া এলাকায় পঁচা দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে জয়দেবপুর-পূবাইল সড়কের পাশের জঙ্গলে এক ব্যক্তির গলিত লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
নিহতের গলায় রশি পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, অন্তত পাঁচ থেকে সাত দিন আগে দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। এরপর লাশ সেখানে ফেলে রাখে। অজ্ঞাত ওই পুরুষ ব্যক্তির পরনে চেক লুঙ্গি ও টি-সার্ট রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
