
নাজমুল হাসান পাপন
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে অটোরিকশা গ্যারেজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ শনিবার সকালে নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুর বাঁশমুলী এলাকায় বুশরান টাওয়ার নামে একটি ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- পাশের ভবনের মালিক সিরাজুল হক (৭০), তার স্ত্রী রোকসানা বেগম (৫০), তাদের তিন ছেলে সুমন হক (৪০), মাসুদ (৩৩) ও রাসেল (৩৫), মাসুদের অন্তঃসত্ত্বা স্ত্রী সুমাইয়া আক্তার, রাসেলের স্ত্রী দোলা আক্তার, সুমনের স্ত্রী বিথি আক্তার, আবু সুফিয়ান (১২), আরফা মনি, মাসুদের ছেলে আবু বকর সিদ্দিক (৩), রাসেলের ছেলে আরফান (৪), নির্মাণ শ্রমিক পল্টু (৪০)। এছাড়া কয়েকজনের নাম জানা সম্ভব হয়নি।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন আহাম্মদ বলেন, ‘সকাল সাড়ে ৯টার দিকে বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে আসি। ভবনের নিচ তলায় অটোরিকশার শোরুম ছিল। সেখানে ছিল প্রায় ৫০টি অটোরিকশা। এছাড়া সেখানে ব্যাটারি ও এসিড ছিল। ওই রুমেই বিস্ফোরণ ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার কাজ পরিচালনা করে। এই ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৫ জন আহত হয়েছে। সবাইকে উদ্ধার করা হয়েছে।’
ফায়ার সার্ভিস কর্মকর্তা বলেন, ‘ভবনটি ঝুঁকিপূর্ণ। তাই সবাইকে ভবনের কাছে যেতে নিষেধ করা হচ্ছে। আরও হতাহত আছে কি না ক্ষতিয়ে দেখছি।’
আহত সিরাজুল হক বলেন, ‘হঠাৎ করে বিকট শব্দে বিস্ফোরণ হয়। সাথে সাথে আমাদের বিল্ডিংয়ের দেয়াল ধসে পড়ে। দেয়ালে চাপা পড়ে আমাদের পরিবারের লোকজন আহত হয়।’।সিরাজুলের অভিযোগ, অটোরিকশার শোরুমের ভেতর অবৈধ ক্যামিকেল রাখত মালিক স্বপন। ওই ক্যামিকেল থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শোরুম ও নির্মাণাধীন ভবনটির মালিক স্বপন হোসেন জানান, ব্যাটারিচালিত অটোরিকশা রেখে বিক্রি করেন তিনি। কিভাবে বিস্ফোরণ হয়েছে সে বিষয়ে তার ধারণা নেই।
সরেজমিনে দেখা গেছে, শোরুমের দুই পাশের দেওয়াল ধসে গছে। উপরের সিলিং ফ্যানগুলো পুড়ে গেছে। ভেতরে বেশকিছু অটোরিকশা, ব্যাটারি ও প্ল্যাস্টিকের গ্যালন ভর্তি ক্যামিকেল।
এদিকে বিস্ফোরণের ঘটনার পর মালিকপক্ষের লোকজনের ওপর আহত পরিবার ও স্থানীয় লোকজনকে চড়াও হতে দেখা যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় ফতুল্লা মডেল থানা পুলিশ।
