ভালুকায় জমি দখল, নির্যাতন ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

ভালুকায় জমি দখল, নির্যাতন ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলনময়মনসিংহের ভালুকায় জমি দখল, নির্যাতন ও অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন আবুল কাশেম ও তার পরিবার। রবিবার (১৭ আগস্ট) সকালে উপজেলার পাড়াগাঁও এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে আবুল কাশেম জানান, স্থানীয় খোরশেদ ঢালীর নেতৃত্বে রিপন খাঁ, সুমন খাঁ, আমিনুল ও নাসিরসহ কয়েকজন ব্যক্তি তাদের বসতভিটার গাছ কাটার চেষ্টা চালায় এবং জমি দখলের অপচেষ্টা করে। ঘটনার পর প্রভাবশালী মহল মিথ্যা তথ্য ছড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন গণমাধ্যমে তার পরিবারকে জড়িয়ে বানোয়াট সংবাদ প্রচার করে।

তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময় স্থানীয় যুবলীগ নেতা রফিক ও খোরশেদ ঢালীর নেতৃত্বে তার জমি দখল করে নেওয়া হয়। পরে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক দলিলে স্বাক্ষর নেওয়া হয়। এ ছাড়া বিভিন্ন সময়ে তাকে ও তার পরিবারের সদস্যদের মারধর, নির্যাতন ও হুমকির মুখে পড়তে হয়েছে।

সংবাদ সম্মেলনে আবুল কাশেম প্রশাসনের কাছে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান। এ সময় তার পরিবারের সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *