
রমজান মাসকে কেন্দ্র করে বাজারে পণ্যের দাম বাড়ানোর কৌশল এবার সফল হবে না—এমনটাই জানিয়ে দিলেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বাজারে কৃত্রিম সংকট তৈরি করা বা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।
এক ফেসবুক পোস্টে তিনি সাধারণ জনগণকে অনিয়মের তথ্য জানানোর আহ্বান জানিয়ে বলেন, “যদি কেউ অতিরিক্ত দামে তেল বা অন্য নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করে বা মজুদ রাখে, তাহলে সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানান। এমন কোনো কারসাজি বরদাশত করা হবে না।”
এদিকে, রমজানের শুরুতেই চিনি, চাল, তৈল, পেঁয়াজ, খেজুরসহ নিত্যপণ্যের দাম বাড়তে শুরু করেছে, যা সাধারণ মানুষের জন্য বাড়তি চাপ তৈরি করছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির ক্রেতারা বেশি বিপাকে পড়ছেন।
স্থানীয় প্রশাসন ইতোমধ্যে বাজার মনিটরিং জোরদার করেছে। নিয়মিত অভিযান চালিয়ে অতিরিক্ত মূল্য আদায় রোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভালুকা উপজেলা প্রশাসন স্পষ্ট জানিয়েছে—রমজানকে পুঁজি করে বাজারে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না।
