চট্টগ্রামে দুই মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড

মাহাবুব আলম

চট্রগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় শাহিদা বেগম (৪৫) ও মো. রিফাত (২৩) নামে দুই মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩ আগস্ট) চট্টগ্রাম মহানগর চতুর্থ অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক শরীফুল আলম ভূঞাঁ এ রায় দেন।দণ্ডপ্রাপ্ত শাহিদা বেগম কক্সবাজার জেলার চকরিয়া থানার পশ্চিম বড় বেওলা ইউনিয়নের দরবেশকাটা পূর্বপাড়ার আব্দুর শুক্কুর চৌকিদারের স্ত্রী এবং রিফাত একই এলাকার মজিদের পাড়ার মো.বাবুলের ছেলে।

মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. নোমান চৌধুরী বলেন, ২০২০ সালের কর্ণফুলী থানা এলাকায় ২০ হাজার ইয়াবা উদ্ধারের মামলায় আদালত আটজনের সাক্ষ্যগ্রহণ করেন। মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি শাহিদা বেগম ও রিফাতকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ১ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।তিনি বলেন, আসামি রিফাত জামিনে গিয়ে পলাতক রয়েছে। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে। রায়ের সময় আসামি শাহিদা বেগম আদালতে উপস্থিত ছিলেন। তাকে সাজা পরোয়ানা মূলে পাঠানো হয়েছে কারাগারে।

সূত্রে জানা যায়, ২০২০ সালের ২০ নভেম্বর কর্ণফুলী থানার রাঙ্গাদিয়া সিইউএফএল ১৫ নম্বর ঘাট রোড থেকে ২০ হাজার ইয়াবাসহ শাহিদা বেগম ও মো. রিফাতকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় পুলিশ অভিযোগপত্র দেয়। ২০২১ সালের ১ ডিসেম্বর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *