
নিজস্ব প্রতিনিধি: ময়মনসিংহে ছাত্রাবাসে ফ্যানের সঙ্গে রশিতে ঝুলে মো. সাব্বির ইসলাম (২১) নামে এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন। সোমবার বিকেল সোয়া তিনটার দিকে ময়মনসিংহ নগরীর কলেজ রোড রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
সাব্বির ইসলাম নেত্রকোণার মদন উপজেলার ফতেহপুর গ্রামের আগপাড়া এলাকার কৃষক মো. রফিক মিয়ার ছেলে। তিনি ঢাকার মিরপুরস্থ বাঙলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তবে এক মাস আগে সাব্বির অর্নাস দ্বিতীয় বর্ষে ভর্তি হয়ে চাকরি সূত্রে ময়মনসিংহ এসে কলেজ রোড এলাকার ছাত্রাবাসে বসবাস করত।
স্থানীয় সূত্রে জানা যায়, আত্মহত্যার আগে বিকেল তিনটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট দেন সাব্বির ইসলাম। ১ মিনিট ২৯ সেকেন্ডের ওই ভিডিও বার্তায় হতাশাগ্রস্ত ও কান্নারত অবস্থায় দেখা যায় তাকে। ওই পোস্টের শিরোনামে লেখা ছিল- আমার মৃত্যুতে কাউকে দায়ী করতে যাবেন না শুধু জেরিনের বড় ভাই শামীম ছাড়া। আমার এই পরিস্থিতির জন্য সম্পূর্ণ দায়ী শামীম। আমার জেরিনকে ব্লাকমেইল করে আমার থেকে দূরে সরিয়েছে। আমি চাই আমার লক্ষ্মীটা সব সময় ভালো থাকুক। আম্মু-আব্বু আমাকে ক্ষমা করে দিও তোমাদের কথা রাখতে পারলাম না।
সাব্বিরের সহপাঠীরা জানায়, সাব্বির ইসলামের জেরিন জাহান ঐশী নামের এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিলো দীর্ঘ তিন বছর ধরে। কিন্তু হঠাৎ করে জেরিন সাব্বিরের থেকে দূরে যেতে থাকে, এক পর্যায়ে যোগাযোগ বন্ধ করে দেয় ফলে সে আত্মাহত্যা করে।
পারিবারিক সূত্রে জানা যায়, পারিবারিক ভাবে বিয়ে করার জন্য সাব্বির জেরিন জাহান ঐশীর বড় ভাইয়ের সাথে তিন/চার দিন আগে তার মাকে ময়মনসিংহে দেখা করায় কিন্তু তার ভাই বলে দেয় যে সাব্বিরের কাছে তার বোন বিয়ে দিবে না।
কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সফিকুল ইসলাম খান বলেন, ঘটনার খবর পেয়ে সাব্বির ইসলামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
