মোটরসাইকেল কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা

কায়সার হামিদ

সরিষাবাড়ী(জামালপুর)প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে মোটরসাইকেল কিনে না দেওয়ায় নাছিম উদ্দিন (১৭) নামে এক শিক্ষার্থী নিজ শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আওনা ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নাছিম উদ্দিন উপজেলার আওনা ইউনিয়নের পঞ্চাশ বাজার এলাকার জয়নাল আবেদীনের ছেলে ও আওনা দৌলতপুর কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, নাছিম উদ্দিন দীর্ঘদিন ধরে বাবা জয়নাল আবেদীনের কাছে মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য বায়না করে আসছিল। গত ২৪ মার্চ মোটরসাইকেল কিনে দিতে বাবাকে দুই দিনের সময় বেঁধে দেন। দুই দিন সময় অতিবাহিত হলে ২৬ মার্চ বিকালে নিজ ঘরে গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে সে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১ এপ্রিল) রাতে তার মৃত্যু হয়।

নিহত নাছিম উদ্দিনের বাবা জয়নাল আবেদীন জানান, মোটরসাইকেল কিনে না দেওয়ায় পরিবারের ওপর অভিমান করে গায়ে পেট্রল ঢেলে আগুন দেয়। চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা বার্ন ইউনিটে সে মারা যায়। রবিবার বিকালে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এ ব্যাপারে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সারোয়ার হোসেন কালের কণ্ঠকে জানান, গায়ে পেট্রল ঢেলে আগুন দিয়ে মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থানায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *