
ময়মনসিংহের ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের ৮নং ওয়ার্ডে সৌদি প্রবাসী পাভেলের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে এই অগ্নিকাণ্ডে পাভেলের স্বপ্নের ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয়রা জানান, মধ্যরাতের নির্জনতা ভেঙে হঠাৎ করে প্রবাসীর বাড়ি থেকে আগুনের শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। আশপাশের লোকজন চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন। পাভেলের পরিবারের সদস্যদের মতে, নগদ টাকা, স্বর্ণালংকার এবং ঘরের আসবাবপত্রসহ আনুমানিক ৮-১০ লাখ টাকার সম্পদ আগুনে ভস্মীভূত হয়েছে।
অগ্নিকাণ্ডের পেছনে পূর্বশত্রুতার হাত রয়েছে বলে সন্দেহ করছেন পাভেল। তার বক্তব্য, কেউ ইচ্ছাকৃতভাবে আগুন ধরিয়ে দিয়েছে। আগুনে আমার সঞ্চয় তো গেলই, আমার চারটি গুরুত্বপূর্ণ সার্টিফিকেটও পুড়ে ছাই হয়ে গেছে। এটি আমার জন্য সবচেয়ে বড় ক্ষতি।
স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা অগ্নিকাণ্ডের সঠিক কারণ উদ্ঘাটনের আশ্বাস দিয়েছেন।
এই দুর্ঘটনা প্রবাসী পাভেল ও তার পরিবারের জন্য চরম মর্মান্তিক। কঠোর পরিশ্রমের ফলাফল এই ঘরটি ছিল, যা আগুনের লেলিহান শিখায় হারিয়ে গেল। পরিবারটি এখন প্রশাসনের সহায়তা এবং ন্যায়বিচারের প্রত্যাশায় ।
