
ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে তারুণ্যের শক্তিকে উদযাপনের অংশ হিসেবে আয়োজিত হয় জেলা প্রশাসক গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট। শুক্রবার (১৭ জানুয়ারি) অনুষ্ঠিত ফাইনালে ক্রিকেটপ্রেমীরা এক উত্তেজনাপূর্ণ ম্যাচের সাক্ষী হয়।
ফাইনালে মুখোমুখি হয় ময়মনসিংহ সদর উপজেলা ক্রিকেট দল এবং ভালুকা উপজেলা ক্রিকেট দল। প্রথমে ব্যাট করতে নেমে ময়মনসিংহ সদর উপজেলা দল মাত্র ৩১ রানে অলআউট হয়ে যায়। ভালুকা দল লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেট হাতে রেখেই সহজ জয় তুলে নেয়।
ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, “ভালুকা উপজেলা ক্রিকেট দলের এই অসাধারণ অর্জন ভালুকার সব মানুষকে গর্বিত করেছে। এটি তারুণ্যের অদম্য শক্তিরই প্রমাণ।”
এছাড়া, “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্য নিয়ে এই উৎসবে ক্রীড়া প্রতিযোগিতা ছাড়াও পরিচ্ছন্নতা অভিযান, পরিবেশ দূষণ রোধে জনসচেতনতা, প্রতিভা অন্বেষণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা আয়োজন, বৃত্তি প্রদান, এবং বিভিন্ন সেমিনার ও কর্মশালার আয়োজন করা হয়।
ভালুকার ক্রিকেট দলের এ অর্জন শুধু খেলার ময়দানেই নয়, পুরো ভালুকা উপজেলাতেই উচ্ছ্বাসের জোয়ার বইয়ে দিয়েছে। এটি স্থানীয় ক্রীড়াঙ্গনে একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে।
