
আমিনুল কবির
সিরাজদিখান(মুন্সীগঞ্জ)প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১২ বাসযাত্রী।
আজ বুধবার (৬ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার রামের খোলা নামক এলাকায় ফ্লাইওভারের ওপর এই দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় নিহতদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। তারা ঘটনাস্থলেই মারা যান। তাদের মধ্যে একজনের নাম হাসিনা বেগম।
অন্যদের পরিচয় জানার চেষ্টা চলছে। হাসাড়া হাইওয়ে থানার ওসি কাঞ্চন কুমার সিংহ এ তথ্য নিশ্চিত করেন। ওসি কাঞ্চন কুমার সিংহ বলেন, বাস ও ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে। আহতদেরকে চিকিৎসার জন্য স্থানীয় ও ঢাকায় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
