মুন্সীগঞ্জের গজারিয়ায় পানিতে ডুবে মাদ্রাসার ছাত্রীর মৃত্যু

তাকভীর আদনান

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়ায় গোসল করতে নেমে পানিতে ডুবে আনিসা আক্তার মুনা (৯) নামে মাদরাসাছাত্রীর মৃত্যু হয়েছে।শনিবার দুপুর ১টায় তার লাশ উদ্ধার করে স্থানীয়রা।

মুনা উপজেলার হোসেন্দী ইউনিয়নের নতুনচর গ্রামের আমির হোসেনের মোল্লার মেয়ে এবং স্থানীয় হোসেন্দী দাখিল মাদরাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে সে (মুনা) প্রতিবেশী জান্নাত আক্তারের সাথে মেঘনার নদীর শাখা কাজলা নদীর হোসেন্দী বড় ব্রিজ এলাকায় গোসল করতে যায়। দু’জনে একসাথে পানিতে নামলেও স্রোতের তোড়ে ভেসে যায় মুনা। এ সময় জান্নাতের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে খোঁজাখোঁজি শুরু করে। পরে এক ঘণ্টা খোঁজাখোঁজির পর দুপুর ১টায় তার লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।তবে এ ঘটনার সময় ৯৯৯-এ কল দিয়ে গজারিয়া উপজেলা ফায়ার সার্ভিসের সহায়তা চাওয়া হলে ডুবুরি না থাকার অজুহাত দেখিয়ে তারা ঘটনাস্থলে না আসায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা।গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহানা সুলতানা বলেন, আমাদের হাসপাতালে তাকে নিয়ে আসা হলে আমরা প্রাথমিক পর্যবেক্ষণ করে তাকে মৃত ঘোষণা করি। প্রাথমিকভাবে মনে হচ্ছে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা সোহেব আলী বলেন, লাশ তার স্বজনদের বুঝিয়ে দেয়া হয়েছে। এ ব্যাপারে গজারিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।

উল্লেখ্য, এর আগেও চলতি বছরের রোবাবার (১৬ এপ্রিল) একই স্থানে একইভাবে পানিতে ডুবে মারা যান বাপ্পী সাহা (১৫) নামে এক কিশোর।

নদীর এই অংশে প্রচন্ড স্রোত থাকায় এখানে গোসল করা বিপদজনক বলে জানায় স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *