
ডেস্ক রিপোর্ট: জামায়াতের সাবেক আমীর দেলোয়ার হোসাইন সাঈদী মারা গেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আজ সোমবার রাত ৮টা ৪০ মিনিটে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিএসএমএমইউর হৃদ্রোগ বিভাগের অধ্যাপক এস এম মোস্তফা জামান গণমাধ্যমকে সাঈদীর মৃত্যুর খবর নিশ্চিত করেন।
দেলোয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী আজ রাতে গণমাধ্যমকে বলেন, তাঁর বাবা সকালের দিকে ভালো ছিলেন। কিন্তু হঠাৎ করে স্বাস্থ্যের অবনতি হয় এবং রাত ৮টা ৪০ মিনিটে মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।দেলোয়ার হোসাইন সাঈদী জামায়াতে ইসলামীর নায়েবে আমির ছিলেন। তিনি জামায়াতের রাজনীতির পাশাপাশি ওয়াজ করা বা ধর্মীয় বক্তা হিসেবে পরিচিত ছিলেন।
জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদী কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হৃদ্রোগে আক্রান্ত হলে গত রোববার বিকেলে কারাগার থেকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ওই রাতেই উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজধানীর বিএসএমএমইউতে নেওয়া হয়।ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগের মামলায় দেলোয়ার হোসাইন সাঈদীকে ঢাকায় তাঁর শাহীনবাগের বাসা থেকে গ্রেপ্তার করা হয় ২০১০ সালের ২৯ জুন। তখন থেকেই তিনি কারাগারে রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের পর একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারের মুখোমুখি করা হয়।জামায়াতের একজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, দেলোয়ার হোসাইন সাঈদীর একজন ছেলে বিদেশে থাকেন। তিনি দেশে ফেরার পর তাঁর জানাজা ও দাফনের ব্যবস্থা করা হবে।
