রাজাপুরে সাবেক ইউপি সদস্যসহ ২ জনকে কুপিয়ে হত্যা

সাগর মাহমুদ

রাজাপুর(ঝালকাঠি)প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরের শুক্তাগড় ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান আ. রব হাওলাদারসহ (৬০) দুজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের জগইরহাটা এলাকায় এ ঘটনা ঘটেছে। স্থানীয় খাদেম হোসেনের সাথে দীর্ঘদিন ধরে শত্রুতা নিয়ে একাধিক মামলাও চলমান বলে এলাকার লোকজন জানিয়েছেন।হাসপাতাল ও পুলিশ সূত্র জানায়, জগইরহাট এলাকার খাদেম হোসেনের সাথে দীর্ঘদিনের বিরোধ চলছিল সাবেক ইউপি সদস্য আ. রব হাওলাদারের সাথে। তাদের মধ্যে হামলা, জখম ও পাল্টা হামলার ঘটনায় আদালতে একাধিক মামলা চলমান রয়েছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খাদেম হোসেন ও রব হাওলাদারের মধ্যে ঝগড়া বাধে। এতে ক্ষিপ্ত হয়ে খাদেম হোসেনের লোকজন দলবদ্ধভাবে কুপিয়ে ও পিটিয়ে আ. রব হাওলাদার এবং তার সাথে থাকা ভাইয়ের ছেলে বেলায়েত হোসেনকে (৩০) নিস্তেজ করে ফেলে রাখে। ঘটনাস্থলেই তারা দুজনেই মারা যায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার রাজাপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক (স্বাস্থ্য সহকারী) মানিক হালদার মৃত ঘোষণা করেন।

কর্তব্যরত চিকিৎসক (স্বাস্থ্য সহকারী) মানিক হালদার জানান, দুজনকে নিথর অবস্থায় নিয়ে আসলে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়েছে। উভয়ের দেহের বিভিন্ন স্থানে কোপের চিহ্ন রয়েছে।

রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, জগইরহাট এলাকা থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কাল মর্গে পাঠিয়ে ময়নাতদন্ত করা হবে। অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *