টাঙ্গাইলের কালিহাতীতে মাদ্রাসা থেকে ছাত্রের লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট: টাঙ্গাইলের কালিহাতীতে মাদ্রাসা থেকে ঝুলন্ত অবস্থায় রাকিবুল (১১) নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের গান্ধিনা জান্নাতুল ফেরদৌস নামের ওই মাদ্রাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে ওই মাদ্রাসায় নুরানি বিভাগের শিক্ষার্থী ছিল এবং উপজেলার কোকডহরা ইউনিয়নের টেঙ্গুরিয়া গ্রামের বদিউজ্জামানের ছেলে।

নিহতের মা রিমি বেগম বলেন, ২২ দিন আগে তাকে ওই মাদ্রাসায় ভর্তি করা হয়। কিন্তু ভর্তির পরই কয়েকবার বাড়িতে একাই চলে আসে। বাড়িতে আসার কারণ জানতে চাইলে সে বলতো, মাদ্রাসার হুজুর তাকে মারধর করতো। তাই সে বাধ্য হয়ে পালিয়ে বাড়িতে আসতো। তারপরও ছেলেকে ধর্মীয় শিক্ষার জন্য মাদ্রাসায় দিয়ে আসতাম। সর্বশেষ গত শনিবার সকালে তাকে আবার মাদ্রাসায় দিয়ে তিনি আরও বলেন, ওই দিন বিকালে মাদরাসার হুজুর রাকিবুলের বাবাকে ফোন দিয়ে দ্রুত মাদ্রাসায় যেতে বলে। পরে আমরা দুজনে মাদ্রাসায় যাওয়ার পর হুজুর বিভিন্ন ধরনের কথা বলতে থাকে। পরে একপর্যায়ে বলে, ছেলে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।পরে মাদ্রাসার কক্ষে গিয়ে দেখি রাকিবুল ফাঁসিতে ঝুলে আছে। এত ছোট ছেলে কীভাবে ফাঁসি দেয়? বিষয়টির সঠিক তদন্ত করে দোষীদের শাস্তি দাবি করছি।

কালিহাতী থানার এসআই আল আমিন জানান, খবর পেয়ে মাদ্রাসা থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *