শিল্পীর অপমানের প্রতিবাদে আলো হাতে ঈশ্বরগঞ্জের সংস্কৃতিকর্মীরা

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পহেলা বৈশাখের অনুষ্ঠানে প্রবীণ শিল্পীদের নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমানের ‘অবমাননাকর’ বক্তব্যের প্রতিবাদে সাংস্কৃতিক কর্মীরা মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছেন। এই ঘটনার প্রতিবাদে রোববার সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরের শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছেন বিক্ষুব্ধ সংস্কৃতি কর্মীরা।

জানা যায়, বাংলা নববর্ষ বরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত প্রবীণ শিল্পী হিমাংশু ভূষণ দেবনাথ মিন্টু এবং পুতুল কুর্মী গান পরিবেশন করেন। অভিযোগ উঠেছে, তাঁদের পরিবেশনা শেষ হওয়ার পরপরই ইউএনও সানজিদা রহমান মঞ্চে দাঁড়িয়ে তাঁদের উদ্দেশ্য করে তিরস্কারমূলক ও অবমাননাকর বক্তব্য প্রদান করেন। একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তার মুখ থেকে গুণী শিল্পীদের প্রতি এমন আচরণে উপস্থিত সকলে স্তম্ভিত হয়ে পড়েন।

রোববার সন্ধ্যার প্রতিবাদ কর্মসূচিতে উপজেলার কবি, লেখক, নাট্যশিল্পীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। মোমবাতি প্রজ্জ্বলন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে কবি আলম মাহবুব তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “একজন ইউএনওর কাছ থেকে প্রবীণ শিল্পীদের প্রতি এ ধরণের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তিনি যদি তাঁর বক্তব্য প্রত্যাহার না করেন এবং দুঃখ প্রকাশ না করেন, তবে আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো।”

প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলার সর্বস্তরের সাংস্কৃতিক কর্মীবৃন্দ। তাঁরা অনতিবিলম্বে শিল্পীদের সম্মান রক্ষা এবং প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের আচরণের পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *