
নিজস্ব প্রতিবেদক ভালুকার বার্তা: ভালুকা উপজেলায় এক নারী ভাড়াটিয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে বাড়ির মালিককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি দুইজনের নাম উল্লেখ করে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন- মেদুয়ারী ইউনিয়নের বান্দিয়া গ্রামের মো. পচু মিয়ার ছেলে মো. রনি এবং একই এলাকার শওকত আলীর ছেলে মো. সাব্বির মিয়া (২৫)।
অভিযোগকারী মো. খোরশেদ আলম (২৮) জানান, তিনি দীর্ঘদিন ধরে নিঝুরি এলাকায় নিজের বাড়ি ভাড়া দিয়ে আসছেন। প্রায় এক মাস ধরে তার বাসায় এক নারী ভাড়াটিয়া বসবাস করছেন। স্থানীয়দের ধারণা, অভিযুক্ত মো. রনি (২৬) ওই নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িত ছিলেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিষয়টি টের পেয়ে একপর্যায়ে কয়েকজন স্থানীয় ব্যক্তি ওই ভাড়াটিয়া নারীসহ কক্ষটি বাইরে থেকে তালাবদ্ধ করে দেন। তবে বাড়ির মালিক খোরশেদ আলম এ বিষয়ে অবগত ছিলেন না বলে জানা যায়। এরপর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
গত বুধবার (২২ এপ্রিল) রাতে অভিযুক্ত রনি ও সাব্বিরকে বাড়ির আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে কারণ জানতে চাইলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, তারা গালিগালাজ করে এবং মারধরের উদ্দেশ্যে তেড়ে আসে। পরিস্থিতি বুঝে খোরশেদ আলম দ্রুত সেখান থেকে সরে গিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন।
তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত এবং ভাড়াটিয়াসহ স্থানীয়দের নানা ভাবে হয়রানি করে। প্রভাবশালীদের কাছে সহযোগিতা চেয়েও না পেয়ে তিনি থানায় অভিযোগ করতে বাধ্য হয়েছেন। তিনি ঘটনার সুষ্ঠু সমাধান দাবি করেন।
এ বিষয়ে ভালুকা মডেল থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
