
ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসে অন্যতম “ঘৃণিত প্রহসন” আখ্যা দিয়ে তা বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার জামিরদিয়া এলাকায় নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। সংবাদ সম্মেলনে তার সমর্থক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মোর্শেদ আলম অভিযোগ করেন, ভোটগ্রহণের দিন সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে অনিয়ম, কেন্দ্র দখল ও প্রকাশ্যে ব্যালটে সিল মারার ঘটনা ঘটে। তিনি বলেন, “দিনের আলোয় প্রকাশ্যে ভোটকেন্দ্র দখল করে সিল মারা হয়েছে, যা অতীতের যেকোনো সময়ের চেয়ে ভয়াবহ। জনগণের ভোটাধিকার প্রকাশ্যেই হরণ করা হয়েছে।”
তিনি আরও বলেন, “বিগত স্বৈরাচার হাসিনার সরকারের আমলেও দিনের আলোয় এভাবে কেন্দ্র দখল করে সিল মারা হয়নি। আমরা দিনের দুপুরে প্রকাশ্যে সংঘটিত ভোট ডাকাতির এই নির্বাচন ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।”
সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে। ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া এবং জাল ভোট প্রদানের মতো অভিযোগও তোলেন তিনি। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনার আহ্বান জানান।
স্বতন্ত্র এ প্রার্থী বলেন, “ভালুকার জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাননি। তাই আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে পুনর্নির্বাচনের জোর দাবি জানাচ্ছি।”
তিনি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ময়মনসিংহ-১১ আসনের নির্বাচন বাতিল করে দ্রুত পুনঃতফসিল ঘোষণা করতে হবে। একইসঙ্গে দায়িত্বপ্রাপ্ত উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
