
ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা গ্রামের ৩নং ওয়ার্ডের (সাবেক চেয়ারম্যান শাহআলম তরফদারের বাড়ির সংলগ্ন) মৃত লিটন ঋষি ও স্বপ্না ঋষির বড় মেয়ে শ্রীমতী চুমকি ঋষি (১৮) ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
গত ৮ এপ্রিল ২০২৫ তারিখে জেলা ময়মনসিংহের বিজ্ঞ নোটারি পাবলিকের মাধ্যমে হলফনামা প্রদান করে তিনি সনাতন হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ধর্মান্তরিত হওয়ার পর তার নতুন নাম রাখা হয়েছে মরিয়ম ইসলাম চুমকি।
মরিয়ম ইসলাম চুমকি ভালুকা সরকারি কলেজের মানবিক শাখার ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থী।
জানা যায়, ভরাডোবা উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ার সময় মরহুম মাওলানা মোঃ আতিকুল ইসলাম সাহেবের ধর্মীয় শিক্ষার ক্লাসে ইসলাম ধর্মের আচার-আচরণ, জীবনব্যবস্থা, মানবতা ও শান্তির দিকগুলো সম্পর্কে জানার সুযোগ পান চুমকি। তখন থেকেই তিনি ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হন।
পরবর্তীতে নিজ উদ্যোগে কুরআন ও হাদীস অধ্যয়ন করতে শুরু করেন। চার-পাঁচ বছর গভীর অনুসন্ধান ও জানাশোনার পর তিনি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন।
ইসলাম গ্রহণের পর মরিয়ম ইসলাম চুমকি সবার কাছে দোয়া চেয়েছেন যেন তিনি ইসলামের আদর্শ ও নীতিমালা অনুযায়ী জীবন পরিচালনা করতে পারেন।
