
রোমান আহমেদ নকিব, বার্তা সম্পাদক :
ময়মনসিংহ শহরে রেলক্রসিং পার হওয়ার সময় জামালপুরগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অটোরিকশায় থাকা দুই যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশা চালক।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর বিদ্যাময়ী স্কুলের পেছনে এ ঘটনা ঘটে
নিহতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার উজান বাড়েরা গ্রামের আবদুর রহমান (৬২) এবং তার ভাতিজি শেফালি আক্তার (৪৫)।
আবদুর রহমানের ভাই হাবিবুর রহমান জানান, ভাগ্নের বিয়ের কেনাকাটা করতে শেফালিকে নিয়ে শহরে গিয়েছিলেন আবদুর রহমান। জিনিসপত্র নিয়ে বাড়ি ফিরলে রাতেই বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু তাদের আর বাড়ি ফেরা হয়নি।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপারিন্টেন্ডেন্ট নাজমুল হক খান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায়। পথে বিদ্যাময়ী লেভেলক্রসিংয়ে রেললাইনে উঠে পড়া রিকশাকে ধাক্কা দেয় ট্রেন। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। এ ঘটনায় একজন আহত হয়েছেন।
