ময়মনসিংহে অগ্নিবীণা ট্রেনের ৩ বগি লাইনচ্যুত ঢাকার সঙ্গে যোগাযোগ বন্ধ

আমিনুল ইসলাম শান্ত

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে জামালপুর থেকে ছেড়ে আসা অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হয়েছে। জামালপুর থেকে ছেড়ে আসা ট্রেনটি ঢাকার উদ্দেশে যাচ্ছিল। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। রোববার (২০ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এর ফলে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে। ময়মনসিংহ রেলওয়ে জংশনের স্টেশন সুপার এস এম নাজমুল হক খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, জামালপুর থেকে ছেড়ে আসা ট্রেনটি ময়মনসিংহ স্টেশন থেকে রাত ৮টা ৭ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। পরে ত্রিশালের ফাতেমা নগর স্টেশন অতিক্রম করে কিছু দূর এগোতেই রাত পৌনে ৯টার দিকে ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হয়। এর ফলে ময়মনসিংহ জংশনে ব্র‏হ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়েছে বলে জানান তিনি। ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মহিউদ্দিন আহমেদ বলেন, ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হলেও কেউ হতাহত হয়নি।

তিনি আরও বলেন, ময়মনসিংহ-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। উদ্ধারকাজ শেষ করে ট্রেন চলাচল স্বাভাভিক হতে অন্তত ৩ ঘণ্টা সময় লাগতে পারে বলেও জানান তিনি।ময়মনসিংহ লোকোসেডের ইনচার্জ মো. আলাউদ্দিন বলেন, উদ্ধারকারী ট্রেন নিয়ে রওনা হয়েছি। উদ্ধারকাজ শেষ হতে কত সময় লাগবে তা এখনই বলা যাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *