
ডেস্ক রিপোর্ট: রাজধানীর পল্লবী এলাকায় ছয়তলা একটি ভবনের ছাদ থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে পুলিশ ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে।
নিহত শিক্ষার্থীর নাম আফরোজা আক্তার মিমি (২১)। তিনি রাজধানীর একটি বিশ্ববিদ্যালয়ে প্রকৌশল বিভাগের শিক্ষার্থী ছিলেন।পুলিশ জানায়, পল্লবীর ডিওএইচএসের ৩ নম্বর এভিনিউর ৩ নম্বর সড়কের একটি বাসায় পরিবারের সঙ্গে থাকতেন মিমি। কিছুদিন ধরে তিনি মানসিক অস্থিরতায় ভুগছিলেন। গতকাল সকালে তিনি ছয়তলা ওই ভবনের ছাদের রেলিংয়ে বসে ছিলেন। পরিবারের সদস্যরা তাঁকে সেখান থেকে নামিয়ে আনার চেষ্টা করেও ব্যর্থ হয়।বিকেল সোয়া ৩টার দিকে ছাদ থেকে নিচে পড়ে যান মিমি। তাঁকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ দিকে রাজধানীর গোপীবাগ এলাকায় হাসান মিয়া (৪০) নামের এক নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বাড়ি ময়মনসিংহের সদর উপজেলার ররুয়ার চর এলাকায়। একটি ছয়তলা ভবনের ছাদের চিলেকোঠায় রডের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। হাসান ওই ভবনের নিরাপত্তাকর্মী ছিলেন।
