
রাজিব আহসান
কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে গোসল করতে নেমে একটি মৎস্য খামারে ডুবে রাইমন হোসেন (১৪) নামে ৮ম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে (৪ আগস্ট) উপজেলার লতিফপুর বাগানবাড়ি এলাকায় ঘটনাটি ঘটেছে।রাইমন হোসেন উপজেলার লতিফপুর বাগানবাড়ি এলাকার ফারুক হোসেনের ছেলে।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার লতিফপুর বাগানবাড়ি এলাকায় দুপুরে জালাল আহম্মেদ নামে এক ব্যক্তি মৎস্য খামারে কয়েকজন কিশোর দল বেঁধে গোসল করতে নামে। এ সময় তারা ওই মৎস্য খামারের নৌঁকা দিয়ে লাফালাফি করে। এক পর্যায়ে ওই শিক্ষার্থী রাইমন পানিতে লাফিয়ে পড়ে। এরপর সে আর উপরে উঠে আসেনি। এ সময় সহপাঠীরা অনেক খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে স্থানীয়দের খবর দেয়। খবর পেয়ে স্থানীয় লোকজন খোঁজাখুঁজির পর মৎস্য খামারের নৌকার নিচ থেকে তাকে উদ্ধার করে।
এরপর স্থানীয় লোকজন অচেতন অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় পৌরসভার কাউন্সিলর কুদ্দুস খান বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়েছে।
