
খাইরুল ইসলাম আলমগীর
রংপুর প্রতিনিধি: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সাড়ে চার বছর আগে রংপুরে এলেও জিলা স্কুলের মাঠে ভাষণ দিয়েছিলেন প্রায় এক যুগ আগে। আজ বুধবার সেই মাঠে আবার এক মহাসমাবেশে ভাষণ দেবেন তিনি। আগামী সাধারণ নির্বাচন উপলক্ষে উত্তরবঙ্গে এটিকে তাঁর নির্বাচনী প্রচারণার শুরু হিসেবেই দেখছেন আয়োজকরা।
দুপুর ২টায় বিভাগীয় এই মহাসমাবেশ শুরু হবে।প্রধানমন্ত্রী বিকেল ৩টায় সমাবেশে ভাষণ দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এর আগে দুপুর দেড়টায় হেলিকপ্টারযোগে রংপুরে পৌঁছবেন তিনি। সমাবেশ শেষে বিকেল সাড়ে ৫টায় তাঁর ঢাকার উদ্দেশে রংপুর মহানগর ছাড়ার কথা রয়েছে।
রংপুরের পীরগঞ্জের লালদীঘির পুত্রবধূ শেখ হাসিনার আগমন উপলক্ষে বিভাগজুড়ে উজ্জীবিত আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ রংপুরে এসেছিলেন ২০১৮ সালের ২৩ ডিসেম্বর। ওই সময় তিনি রংপুরের পীরগঞ্জ ও তারাগঞ্জে দুটি নির্বাচনী জনসভা করেন। সাড়ে চার বছরের বেশি সময় পর তিনি আবার রংপুরে আসছেন। এর আগে ২০১১ সালের ৮ জানুয়ারি রংপুর জিলা স্কুল মাঠে মহাজোটের জনসভায় উন্নয়নের দায়িত্ব কাঁধে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি।
