দেশের ২২ জেলায় তাপপ্রবাহ

ডেস্ক রিপোর্ট: ঢাকাসহ দেশের ২২ জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আট বিভাগেরই বিভিন্ন জেলায় বৃষ্টির আভাসও রয়েছে।

আজ সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।পূর্বাভাসে বলা হয়েছে- খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

তাপপ্রবাহ সম্পর্কে বলা হয়েছে- ঢাকা, টাঙ্গাইল, মাদারীপুর, রংপুর, নেত্রকোনা, রাঙ্গামাটি, কুমিল্লা, ফেনী, যশোর ও কুষ্টিয়া জেলা এবং রাজশাহী (রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট জেলা) এবং সিলেট (সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলা) বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানানো হয়েছে পূর্বাভাসে

আবহাওয়ার সংক্ষিপ্তসারে বলা হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূল এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তর বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *