
নাসির উদ্দিন
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ সদর উপজেলায় পাওনা সাত হাজার টাকা ফেরত না দেওয়ায় রেজিয়া খাতুন (৩৫) নামেও এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানা পুলিশ অভিযুক্ত শাহদাতকে (২৪) গ্রেফতার করেছে।
শুক্রবার (২৮ জুলাই) বিকালে আদালতে সোপর্দ করা হলে শাহাদাত হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, বৃহস্পতিবার (২৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার মধ্য বাড়েরা গ্রামে ওই নারীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। নিহত রেজিয়া খাতুন ওই এলাকার হানিফ মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রেজিয়া খাতুনের ছেলে ইমারানের বন্ধু অভিযুক্ত শাহাদাত। বন্ধু শাহাদাতের কাছ থেকে সাত হাজার টাকা ধার নেয় ইমরান। ইমরান টাকা দিতে না পারায় তার বাড়িতে গিয়ে মা রেজিয়া খাতুনের কাছে টাকা চান শাহাদাত। পাওনা টাকা নিয়ে ইমরানের মায়ের সঙ্গে শাহাদাতের ঝগড়া হয়। পরে শাহাদাত তার বাড়ি থেকে ফিরে এসে সন্ধ্যায় আবার রেজিয়ার বাড়িতে গিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই রেজিয়ার মৃত্যু হয়।
ঘটনায় দিন রাতেই নিহতের ভাই মো. সুমন বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার ভোরে নগরীর মাসকান্দা এলাকা থেকে শাহাদাতকে গ্রেফতার করে। ওই সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ইনচার্জ ওসি মো. শাহ কামাল আকন্দ বলেন, অভিযুক্ত শাহাদাতকে বিকেলে আদালতে সোপর্দ করা হলে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
