ময়মনসিংহ বোর্ডে সব সূচকে ছাত্রীরা এগিয়ে

ইকবাল মিয়াজী

ময়মনসিংহ প্রতিনিধি: ২০২৩ সালের এসএসসি পরীক্ষার ফলাফল আজ শুক্রবার প্রকাশিত হয়েছে। এতে দেখা গেছে, ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাসের হার ৮৫ দশমিক ৪৯। মোট জিপিএ–৫ পেয়েছে ১৩ হাজার ১৭৭ শিক্ষার্থী। এই শিক্ষা বোর্ডের অধীন এবার ১ লাখ ২ হাজার ৮৭২ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল।

ময়মনসিংহ শিক্ষা বোর্ড দেশের সর্বশেষ শিক্ষা বোর্ড। এ বোর্ডের অধীন ময়মনসিংহ বিভাগের চার জেলার (ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনা) শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এ বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে আছে। বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য—তিন বিভাগেই ছাত্রীরা এ দুটি সূচকে এগিয়ে। আগের ‍দুই বছরেও ছাত্রীরা এগিয়ে ছিল।বিজ্ঞান বিভাগে ছাত্রদের পাসের হার ৯৪ দশমিক ৯০ ও ছাত্রীদের পাসের হার ৯৫ দশমিক ৯০। বিজ্ঞানে ৫ হাজার ৮৯৬ ছাত্র জিপিএ-৫ পেয়েছে। একই বিভাগ থেকে ৬ হাজার ৫৭০ ছাত্রী জিপিএ-৫ পেয়েছে।

মানবিক বিভাগে ছাত্রদের পাসের হার ৭৬ দশমিক ২৭। আর ছাত্রীদের পাসের হার ৮২ দশমিক ২৬। মানবিকে জিপিএ–৫ পাওয়া ছাত্রের সংখ্যা মাত্র ৮১। অন্যদিকে ছাত্রীর সংখ্যা ৫১৫। এ বিভাগে গড় পাসের হার ৭৯ দশমিক ৫৫। ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্রদের পাসের হার ৮৮ দশমিক শূন্য ১, ছাত্রীদের পাসের হার ৯১ দশমিক ১৮। এ বিভাগে জিপিএ–৫ পেয়েছে ৪৭ ছাত্র, আর ৬৮ ছাত্রী।

ফলাফল থেকে জানা যায়, গড় পাসের হারেও ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে আছে। ছাত্রদের গড় পাসের হার ৮৪ দশমিক ৩৭। ছাত্রীদের গড় পাসের হার ৮৬ দশমিক ৬৫।

ময়মনসিংহের ছাত্রীদের ঐতিহ্যবাহী বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে এ বছর মোট ৩১০ শিক্ষার্থী অংশ নিয়ে ২৭৪ জন জিপিএ-৫ পেয়েছে। বিদ্যালয়টির প্রধান শিক্ষক নাছিমা আক্তার গণমাধ্যমকে বলেন, ‘ছেলেদের চেয়ে ফলাফলে মেয়েরা এগিয়ে থাকার বিষয়টা আমাদের জন্য অন্তত আনন্দের সংবাদ। সারা দেশেই মেয়েরা সব ক্ষেত্রেই যে এগিয়ে যাচ্ছে, এটি তারই প্রমাণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *