
সাজ্জাতুল আলম
সদরপুর(ফরিদপুর)প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় ঈদের দিনের বিকেলে ঘুরতে বেরিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় তার আরো দুই বন্ধু গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেলে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা এক্সপ্রেসওয়ে সংলগ্ন প্রাণিসম্পদ অধিদফতরের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহতের নাম জোবায়ের মোল্লা (২২)। তিনি পাশের সদরপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত শহীদ মোল্লার ছেলে। আর আহতরা হলেন- একই গ্রামের শহীদ শরীফের ছেলে সিফাত শরীফ (২২) ও ওদের আরেক বন্ধু রনি কাজী (২১)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে তিন বন্ধু মিলে একটি মোটরসাইকেলে ভাঙ্গা এক্সপ্রেসওয়ের দিকে যাচ্ছিলেন। এ সময় কারোরই হেলমেট ছিল না। মোটরসাইকেলটি চালিয়ে যাচ্ছিলেন জুবায়ের। পথিমধ্যে বেপরোয়া গতির কারণে মোটরসাইকেলটি একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাকবলিত হয়। এ সময় মোটরসাইকেলের হ্যান্ডেল চালক জোবায়েরের চোখের ভেতর ঢুকে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আরোহী দু’জন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
