
ডেস্ক রিপোর্ট: জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে সাব্বির হোসেন (১৮) নামে এক যুবকের লাশ রেখে পালিয়ে যায় লাশের সঙ্গে থাকা দুই যুবক।
সাব্বির হোসেন উপজেলার ভাটারা ইউনিয়নের মাগুরিয়া পাড়া গ্রামের ফিরোজ মিয়ার ছেলে। সাব্বির পেশায় একজন টাইলস মিস্ত্রি ছিলেন।হাসপাতাল, পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার (২০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেল যোগে দুই যুবক সাব্বির হোসেনকে কোলে করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক রোগীর গলায় আঘাতের চিহ্ন দেখে পুলিশে খবর দেয়। এসময় পুলিশের কথা শুনে লাশের সঙ্গে থাকা দুই যুবক লাশ হাসপাতালের বেডে রেখে দ্রুত পালিয়ে যায়। পরে চিকিৎসক সাব্বিরকে মৃত হিসাবে নিশ্চিত করলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সীমান্ত সাহা জানান, গলায় ফাঁস লাগানো একজন রোগীকে হাসপাতালে নিয়ে আসে দুই যুবক। মৃত নিশ্চিত হয়ে পুলিশকে খবর দিলে লাশের সঙ্গে থাকা ওই দুই যুবক কৌশলে পালিয়ে যায়।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর জানান, পুলিশ হাসপাতালে গিয়ে লাশের স্বজনদের দেখতে পায়নি। ঘটনা উদঘাটনে কাজ করছে পুলিশ।
