রাস্তার পাশ থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাঁচটিকড়ী এলাকা থেকে জাহিদ নামের ৭ম শ্রেণির এক স্কুলছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (০১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ভূঞাপুর-গোপালপুর সড়কের পাশে পড়ে থাকা ঘাটাইল উপজেলার পাঁচটিকড়ী দক্ষিণপাড়া স্কুলের কাছ থেকে তার লাশটি উদ্ধার করা হয়।নিহত জাহিদ ভূঞাপুর উপজেলার বলরামপুর গ্রামের সুজন তালুকদারের ছেলে বলে জানা গেছে।

নিহতের চাচা শামছুল তালুকদার জানায়, বুধবার সন্ধ্যার দিকে পরিবারের বাড়তি খরচ মিটাতে উপার্জনের আশায় বাবার ব্যাটারিচালিত ভ্যানগাড়ি নিয়ে বের হয়। এরপর খবর আসে পাঁচটিকড়ী এলাকায় তার মরদেহ পাওয়া গেছে।

ঘাটাইল উপজেলার লোকেড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল হক মিলন জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে স্থানীয়রা পাঁচটিকড়ী দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এলাকাবাসী একটি গলাকাটা রক্তাক্ত অজ্ঞাত মরদেহ দেখতে পায়।

পরে তারা বিষয়টি আমাকে জানালে আমি ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দেই।পুলিশ এসে মরদেহ পেলেও ভ্যানগাড়িটি পায়নি। পাশের জঙ্গলে রক্তাক্ত একটি কাঁচি উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে ভ্যানগাড়িটি ছিনিয়ে নিতেই দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে।

ঘাটাইল থানা ওসি আজাহারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হবে, তদন্ত শেষে হত্যাকাণ্ডের সঠিক কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *