
ডেস্ক রিপোর্ট: অর্থনৈতিক সংকটের কারণে স্থগিত করা হয়েছে শ্রীলঙ্কার ৯ মার্চের স্থানীয় নির্বাচন। আগামী ৩ মার্চ জানানো হবে নির্বাচনের পরবর্তী সময়।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করে দেশটির নির্বাচন কমিশন। বেশ কিছুদিন আগে শ্রীলঙ্কার সুপ্রিম কোর্টে স্থানীয় সরকার নির্বাচন মে মাস পর্যন্ত স্থগিত রাখতে পিটিশন দায়ের করা হয়।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সেই পিটিশনের ওপর শুনানি হয়। দেশটির সর্বোচ্চ আদালত এক সিদ্ধান্তে সেই শুনানি মুলতবি করার পরের দিনই স্থানীয় নির্বাচন স্থগিত করে দেশটির নির্বাচন কমিশন।
শ্রীলঙ্কার নির্বাচন কমিশন বলছে, প্রয়োজনীয় তহবিলের জন্য শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াবা আবেইওয়ার্দানার সঙ্গে যোগাযোগ করছি। আশা করি তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
