তথ্যপ্রযুক্তি শিক্ষায় নারীদের এগিয়ে আসতে হবে : মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, ‘ডিজিটাল বাংলাদেশ সফল বাস্তবায়ন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা করেছেন। নারীরাই স্মার্ট বাংলাদেশ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি শিক্ষায় নারীদের এগিয়ে আসতে হবে। দেশে ই-কমার্সের ৮০ ভাগ ব্যবসা পরিচালনা করছেন নারীরা। ফ্রিল্যান্সিংয়ে নারীর অংশগ্রহণ বাড়ছে।’

মুন্সীগঞ্জে মহিলাবিষয়ক অধিদপ্তর পরিচালিত উপজেলা পর্যায়ে ইনকাম জেনারেটিং এক্টিভিটিজ (আইজিএ) প্রকল্পের কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় সভায় আজ বুধবার প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের জনসংখ্যার অর্ধেকের বেশি নারীকে বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়। সরকার নারীর উন্নয়ন, ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে। নারীদের কম্পিউটার ও আইসিটিতে দক্ষ করে তুলতে প্রকল্প রয়েছে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ নারীর ক্ষমতায়নে বিশ্বে রোল মডেল।’

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা কম্পিউটার ট্রেডের প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন ও তাদের প্রশিক্ষণের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন, প্রকল্প পরিচালক মো. তরিকুল ইসলাম, পরিচালক মনোয়ারা ইশরাত, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুল কাদির মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসিনা ফেরদৌস ও সাংবাদিক মীর নাসির উদ্দিন উজ্জ্বল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *