
ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের ভালুকা উপজেলায় একটি কলাবাগান থেকে প্রায় এক হাজার কলার ছড়ি কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের দরগারচালা এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন তিনি।
ভুক্তভোগী বাগান মালিক মাওলানা হারুন অর রশিদ জানান, তিনি ক্রয়সূত্রে মল্লিকবাড়ি মৌজার দরগারচালা এলাকার এসএ ৬৬৮ ও ৬৬৭ নম্বর দাগের ৫৪ বিঘা জমির মালিক। ওই জমির মধ্যে প্রায় ৩০ বিঘা জমিতে ছয় হাজার কলার চারা রোপণ করে বাগান গড়ে তোলেন। সম্প্রতি বাগানের গাছগুলোতে ফলন আসে এবং অনেক গাছের কলা বিক্রয় উপযোগী হয়ে ওঠে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে ৩০ থেকে ৪০ জনের একটি সংঘবদ্ধ দল বাগানে প্রবেশ করে। তারা দ্রুত সময়ের মধ্যে প্রায় এক হাজার গাছ থেকে কলার ছড়ি কেটে নিয়ে যায়। এ সময় বাগানের পাহারাদার শামছুদ্দিন ফকির বাধা দিতে গেলে তাঁকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়।
মাওলানা হারুন অর রশিদ বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে শ্রম ও অর্থ ব্যয় করে বাগানটি করেছি। বিক্রির উপযোগী হওয়ার পর এভাবে কলার ছড়ি কেটে নিয়ে যাওয়ায় আমার বড় ধরনের ক্ষতি হয়েছে।’ তিনি দাবি করেন, এ ঘটনায় তাঁর অন্তত পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।
