
আসাদুজ্জামান খান
মেহেরপুর প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের মুখপাত্র, একজন নিবেদিত প্রাণ জুলাই যোদ্ধা, শরীফ ওসমান হাদির ইন্তেকালে গভীর শোক, ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছে মেহেরপুর জেলা শাখা আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
সোমবার ২২ শে ডিসেম্বর তারিখ এক শোকবার্তায় জেলা শাখার নেতৃবৃন্দ বলেন, শরীফ ওসমান হাদি ছিলেন আদর্শবান, সাহসী ও মানবিক গুণসম্পন্ন একজন ব্যক্তি। সমাজ ও দেশের জন্য তাঁর ত্যাগ ও অবদান জাতীর কাছে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর অকাল প্রয়াণে দেশ একজন পরীক্ষিত সহযোদ্ধা ও সমাজ একটি মানবিক মানুষকে হারাল।
শোকবার্তায় জেলা এবি পার্টির নেতা মোঃ রফিকুজ্জামান রফিক বলেন, মরহুমের কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। এ সময় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়াও তিনি বলেন, আমাদের এই সহযোদ্ধা ওসমান হাদি ছিলেন একজন সাহসী, অকুতোভয় দেশপ্রেমিক। অন্যায়ের বিরুদ্ধে তার বলিষ্ঠ কণ্ঠ বাংলাদেশকে নতুন স্বপ্ন দেখাচ্ছিল। কল্যাণ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াইয়ে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তার মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হলো, তা সহজে পূরণ হবার নয়। নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন তিনি দেখতেন,দল-মত-ধর্ম নির্বিশেষে তার অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য লড়াই জারি রাখতে হবে।
পার্টির অন্য নেতা মো: নুরুজ্জামান তাজল বলেন, আমি শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার ও তার লড়াইয়ের সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। একইসঙ্গে ওসমান হাদির হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করার জন্য করণীয় সব ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। হত্যাকারীরা যদি দেশ ছেড়ে পালিয়ে থাকে তাহলে, দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে।
তিনি আরও বলেন, শরিফ ওসমান হাদির অকাল প্রয়াণ দেশের জন্য অপূরণীয় ক্ষতি যা সহজে পূরণ হওয়ার নয়। তাঁর বীরত্ব, সাহস ও দেশপ্রেমের কথা এ জাতিকে যুগে যুগে অনুপ্রেরণা ও উৎসাহ জোগাবে।
এছাড়াও পার্টির নেতা মো: আসাদুজ্জামান খান বলেন, শরিফ ওসমান হাদি ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের এক অকুতোভয় যোদ্ধা, নির্ভীক কণ্ঠস্বর ও সাহসী সংগঠক। অন্যায়-অবিচার, শোষণ-নির্যাতন ও দমন-পীড়নের বিরুদ্ধে তাঁর আপসহীন অবস্থান ছিলো মজলুম ও গণতন্ত্রকামী মানুষের নিকট অফুরন্ত প্রেরণার উৎস। তিনি লাখো মানুষের মনে জন্ম নেওয়া অসীম সাহস, বীরত্ব, দেশপ্রেম ও আত্মত্যাগের সর্বোচ্চ অনুপ্রেরণা। সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে তাঁর ভূমিকা তাঁকে অমর ও চিরস্মরণীয় করে রাখবে।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শরিফ ওসমান হাদি গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৯ টা ৪৫মিনিটে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মেহেরপুর জেলা এবি পার্টির পক্ষ থেকে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করা হয়, তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত পরিবারকে এই দুঃখ সহ্য করার শক্তি দান করেন।
