ভালুকায় গণ অধিকার পরিষদের প্রার্থী আনোয়ারুল ইসলাম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ–১১ (ভালুকা) আসনে গণ অধিকার পরিষদ থেকে ট্রাক মার্কার মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে নেমেছেন সোনার বাংলা ডিগ্রি কলেজের প্রভাষক আনোয়ারুল ইসলাম বিদ্যুৎ। তিনি কেন্দ্রীয় শিক্ষক নেতা মরহুম সিরাজুল ইসলাম মাস্টারের জ্যেষ্ঠ পুত্র।

তারুণ্য, স্বনির্ভরতা ও নতুন নেতৃত্বের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন। ইতোমধ্যে তিনি নির্বাচনী ইশতেহারে ভালুকাবাসীর জন্য একাধিক গুরুত্বপূর্ণ অঙ্গীকার ঘোষণা করেছেন।

ঘোষিত অঙ্গীকারসমূহের মধ্যে রয়েছে—
চাঁদাবাজি, ঘুষ, দুর্নীতি ও মাদকমুক্ত ভালুকা গড়ে তোলা, রাজনৈতিক দুর্বৃত্তায়ন থেকে সাধারণ জনগণকে মুক্ত করা, সবার ন্যায্য অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করা এবং সরকারি সকল বরাদ্দের শতভাগ সুষম বণ্টন নিশ্চিত করা।

তিনি প্রতিশোধ ও প্রতিহিংসার রাজনীতি পরিহার করে সুস্থ ধারার রাজনীতি চালুর অঙ্গীকার করেন। পাশাপাশি অবহেলিত লাল মাটির কাঁচা রাস্তাগুলো পাকাকরণ, ভালুকা সরকারি হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করে আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

শিক্ষাক্ষেত্রে তিনি এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের লক্ষ্যে সংসদ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত প্রচেষ্টা চালানোর ঘোষণা দেন। এছাড়াও ভালুকা সরকারি কলেজে অনার্স কোর্স চালু, একটি আধুনিক মানের টেকনিক্যাল ইনস্টিটিউট স্থাপন, শিক্ষিত বেকার যুবকদের যোগ্যতাভিত্তিক কর্মসংস্থানের ব্যবস্থার কথাও উল্লেখ করেন।

কৃষকদের জন্য তিনি উৎপাদিত কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ করা এবং ধান কাটার শুরু থেকেই সরকারি ব্যবস্থাপনায় ধান ক্রয়ের উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি দেন।

শিল্পাঞ্চল হিসেবে পরিচিত ভালুকায় শিল্পকারখানা মালিকদের নির্বিঘ্নে ব্যবসা পরিচালনার নিশ্চয়তার পাশাপাশি শ্রমিকদের নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করার কথাও জানান তিনি।

এছাড়া বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিতদের সরকারি সুযোগ-সুবিধা ঘুষ ও দুর্নীতিমুক্তভাবে সঠিকভাবে পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন। দলমত নির্বিশেষে গরিব-ধনী, মুসলিম-অমুসলিম সকল মানুষের সুখ-দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এই প্রার্থী।

ভালুকাবাসীর উন্নয়ন, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে আনোয়ারুল ইসলাম বিদ্যুৎ তার নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *