ভালুকা থেকে আনা ১০২ কেজি গাঁজাসহ খিলক্ষেতে দুই চিহ্নিত কারবারি আটক

রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে ১০২ কেজি গাঁজাসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের গুলশান বিভাগ। গ্রেফতারকৃতরা হলেন— মোছা. আছমা (৩৫) ও মো. করিম মিয়া (৬০)।

ডিবি-গুলশান বিভাগের একটি সূত্র জানায়, শুক্রবার (১৬ মে ২০২৫) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে খিলক্ষেত কাঁচাবাজার সংলগ্ন ট্রাফিক পুলিশ বক্সের দক্ষিণ পাশে যাত্রী ছাউনিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় পুলিশি উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে ওই দুই মাদক কারবারি। তবে ডিবি সদস্যরা তৎপরতার সঙ্গে তাদের হাতেনাতে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ১০২ কেজি গাঁজা জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ২০ লাখ ৪০ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী জেলা জামালপুর ও ময়মনসিংহ (বিশেষ করে ভালুকা এলাকা) থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীতে সরবরাহ করে আসছিল। পলাতক সহযোগী মো. ফারুকের সহায়তায় তারা খিলক্ষেত ও আশপাশের এলাকায় গাঁজা বিক্রি করতো।

তদন্তে আরও জানা গেছে, আসমার বিরুদ্ধে ময়মনসিংহের ভালুকা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে। অপরদিকে পলাতক আসামি ফারুকের বিরুদ্ধে রাজধানীসহ ময়মনসিংহ, গাজীপুর, টাঙ্গাইল ও জিএমপির বিভিন্ন থানায় নয়টি মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ডিবি-গুলশান বিভাগ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *