
ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের চকরিয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। সোমবার (৬ মার্চ) দুপুরে উপজেলার সাহারবিল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কোরালখালী পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো: তাবিয়া জান্নাত (৪) ও হোছাইবা আক্তার (২)। তারা ওই এলাকার সাইফুল ইসলামের মেয়ে।সাহারবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরী বলেন, তাদের মা পুকুরে অজু করে নামাজ পড়তে যায়। এ সময় বাড়ির উঠানে খেলার ছলে হোছাইবা পুকুরে পড়ে যায়। তাকে উদ্ধার করতে বড় বোন তাবিয়াও পুকুরে নেমে পড়ে। এতে দুজনেই পানিতে ডুবে মারা যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর বিকেল তিনটার দিকে পুকুরের পানিতে তাদের মরদেহ ভাসতে দেখা যায়।এদিকে দুই বোনের পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি কেউ জানায় নি।
