
ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরাস্থ বাইপাস রোডের ইউনিটেক্সের তুলার গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে সেনা বাহিনী যোগ দিয়েছে।
শনিবার ১১ই মার্চ রাত ৯টার দিকে লেফটেন্যান্ট কর্ণেল মাহমুদের নেতৃত্বে ফায়ার ফাইটিং ইউনিট কাজ শুরু করেছে।ফায়ার সার্ভিস জানায়, তুলার গুদামে স্থাপনা মেরামতের লক্ষ্যে গ্যাস সিলিন্ডার দিয়ে ইস্পাত ওয়েল্ডিং ও কাটিং করার সময় আগুন ধরে যায়। পরে আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এখনও পর্যন্ত হতাহতের তথ্য পাওয়া যায়নি।
এর আগে বেলা ১১টার দিকে কুমিরা বাইপাস রোড সংলগ্ন হিঙ্গিরি পাড়া এলাকার তুলার গুদামে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরও ছয়টি ইউনিট যোগ দেয়।
তাদের ৭ ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৬টা পর্যন্ত আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। তবে পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। সন্ধ্যায় অগ্নিকাণ্ড পরিস্থিতি পরিদর্শনে জেলা প্রশাসনের এনডিসি তৌহিদুর রহমান আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সশস্ত্র বাহিনীর সহায়তা কথা জানান। তিনি বলেন, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় চট্টগ্রাম জেলা প্রশাসন কর্তৃক সেনাবাহিনীর সহায়তা চাওয়া হয়েছে।
