মরোক্কয় সড়ক দুর্ঘটনায় নিহত ২৪

ডেস্ক রিপোর্ট: মরক্কোর প্রত্যন্ত অঞ্চলে বাস খাদে পড়ে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। বোরবার (৬ আগস্ট) সকালে আজিলাল প্রদেশের ইখসানে আমজারো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মরক্কোর সংবাদমাধ্যম মরক্কো ওয়ার্ল্ড নিউজ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয়রা বাজারে যাওয়ার পথে এ ভয়াবহ দুর্ঘটনার শিকার হন। বাসটি আনানাস প্রদেশ থেকে দেমনাতের দিকে যাচ্ছিল। পথিমধ্যে পেছনে ঘুরতে গিয়ে খাদে পড়ে বাসটি দুমড়ে মুচড়ে যায়।

স্থানীয় সংবাদমাধ্যম টুএম-এর প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে জরুরি পরিসেবা পৌঁছেছে। এছাড়া স্থানীয় কর্তৃপক্ষের সহায়তার আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আহতের সংখ্যা স্পষ্ট করা হয়নি।প্রদেশের স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা কর্মকর্তা আদেল আইত হাদো বলেন, মর্মান্তিক এ দুর্ঘটনায় ২৪ জন নিহত হয়েছেন। নিহতদের মরদেহ তাৎক্ষণিক উদ্ধার করে দেমনাতে হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে মরদেহ শনাক্তের পর পরিবারের কাছে হস্তান্তর ও দাফনের ব্যবস্থা করা হয়েছে।

জাতীয় সড়ক নিরাপত্তা সংস্থা (ডিজিএসএন) জানিয়েছে, দেশটিতে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়েই চলছে। চালকদের সড়ক নিরাপত্তা না মানার কারণে এভাবে দুর্ঘটনা ঘটছে।

ডিজিএসএনের তথ্যমতে, ২৪ থেকে ৩০ জুলাইয়ের মধ্যে এক সপ্তাহে দেশটিতে সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। এ সময়ে ২ হাজারের বেশি লোক আহত হয়েছেন এবং ১ হাজার ৭৭১টি দুর্ঘটনা ঘটেছে।

ডিজিএসএন দুর্ঘটনার বেশ কয়েকটি কারণ উল্লেখ করেছে। এরমধ্যে চালকদের অসাবধানতা, সঠিক লেনে চলাচল না করা, দুই গাড়ির মাঝে নিরাপদ দূরত্ব বজায় না রাখা, অতিরিক্ত গতি, সিগন্যাল ছাড়াই লেন পরিবর্তন ইত্যাদি অন্যতম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *