
মিজানুর রহমান সোহেল
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী জেলা শহর মাইজদী হকার্স মার্কেট সংলগ্ন সড়কে (ঘুষ মার্কেট) বসা অবৈধ কাঁচা বাজারে উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে ওই সড়কটি দীর্ঘ দিন ধরে দখল করে গড়ে ওঠা প্রায় শতাধিক স্থাপনা/প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসাইন। অভিযানে সহযোগিতা করেন সুধারাম মডেল থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, উচ্ছেদকৃত বাজারটি স্থানীয় লোকজনের কাছে ঘুষ মার্কেট নামে পরিচিত। সড়কটি দখল করে দীর্ঘদিন যাবত সেখানে দোকান বসিয়ে ব্যবসা করে আসছিলো কিছু দখলদার। এতে সড়কটিতে বেশিরভাগ সময় যানজট লেগে থাকতো। যার ফলে শহরের প্রধান সড়ক এড়িয়ে অল্প সময়ের মধ্যে নোয়াখালী জেনারেল হাসপাতাল বা বিকল্প সড়কে যেতে বেশ বেগ পেতে হতো লোকজনকে। এক কথায় সড়ক থাকলেও সেটি ব্যবহার করতে পারতো না স্থানীয় লোকজন। মানুষের সমস্যার কথা চিন্তা করে জেলা প্রশাসন থেকে সড়কটিতে থাকা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদের পরিকল্পনা করা হয়।
