রাজধানীর তেজগাঁওয়ে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১০ ইউনিট

সুলতান মাহমুদ শামীম

তেজগাঁও(ঢাকা)প্রতিনিধি: রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনিপাড়ার একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১০টি ইউনিট কাজ করছে। সোমবার ১৩ মার্চ সন্ধ্যা ৭টা ৫২ মিনিটের দিকে আগুন লাগার খবর আসে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে। তাৎক্ষণিকভাবে হতাহত এবং আগুন লাগার কারণ জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, আজ সন্ধ্যা ৭টা ৫২ মিনিটের দিকে আমাদের কাছে খবর আসে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার রোলিং মিল বস্তিতে আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের মোট ১০টি ইউনিট গেছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে পারিনি। এছাড়া আগুনে কেউ হতাহত হয়েছে এমন খবরও আমদের কাছে আসেনি।

আগুন লাগার পর সেখানে জড়ো হওয়া স্থানীয়দের অনেকে ফেইসবুকে লাইভ করছেন। অনেকে ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যায়, বস্তির একাংশ দাউ দাউ করে জ্বলছে। লোকজনের ভিড় সামলাতে পুলিশকে গলদঘর্ম হতে হচ্ছে। ভিড়ের মধ্য দিয়ে সরু গলিতে ঢুকতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের বড় পানিবাহী গাড়িগুলোকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *