
ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ (স্নাতক) ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ১৬ মে থেকে ২৫ মে -এর মধ্যে সম্পন্ন হবে এ ভর্তিযুদ্ধ। রবিবার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের ডেপুটি রেজিস্ট্রার এস এম আকবর হোছাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিনবৃন্দের সমন্বয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি সংক্রান্ত প্রথম সভার গৃহিত সিদ্ধান্তক্রমে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে বিভিন্ন ইউনিট/ উপ ইউনিটের ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি আগামী ১৬-২৫ মে পর্যন্ত নির্ধারণ করা হলো।উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ‘এ’, ‘বি’ ‘সি’ ও ‘ডি’ এ চারটি ইউনিট ও দুইটি উপ ইউনিট ‘বি-১’ ও ‘ডি-১’ রয়েছে। এর মধ্যে ‘এ’ ইউনিটের অধীনে সকল বিজ্ঞান ও জীববিজ্ঞান বিভাগ / ইনস্টিটিউট, ‘বি’ ইউনিটের অধীনে কলা ও মানবিক অনুষদ, ‘সি’ ইউনিটের অধীনে বিজনেস স্টাডিজ অনুষদ এবং ‘ডি’ ইউনিটের অধীনে সামাজিক বিজ্ঞান অনুষদের সমস্ত বিভাগের ভর্তি পরীক্ষা সম্পন্ন হবে।
