ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবায় শিল্পকারখানার দূষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ, জমি পুনরুদ্ধার ও ভবিষ্যৎ দূষণ প্রতিরোধের দাবিতে অগ্রগতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রতিনিধিদলের সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের মালিকপক্ষের প্রতিনিধিদের বৈঠক শেষে আগামী ১৫ দিনের মধ্যে লিখিত কর্মপরিকল্পনা (অ্যাকশন প্ল্যান) দেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছেন তারা।
শনিবার (৩ অক্টোবর) Experience Textile Mills Ltd.-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মহোদয়ের প্রতিনিধি জিএম ও অ্যাডভাইজার এবং Multazim Spinning Mills Ltd./R.S. Agro-এর মালিকপক্ষের প্রতিনিধি অ্যাডমিন অফিসারের সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রতিনিধিদল সাক্ষাৎ করেন। এ সময় কৃষকদের পক্ষ থেকে বিভিন্ন দাবি-দাওয়া সংবলিত স্মারকলিপি প্রদান করা হয়।
বৈঠকে ক্ষতিগ্রস্ত কৃষকদের ন্যায্য অধিকার, কৃষিজমি পুনরুদ্ধার, ক্ষতিপূরণ এবং পরিবেশদূষণ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়গুলো তুলে ধরা হয়।
আলোচনা শেষে মালিকপক্ষ আগামী ১৫ দিনের মধ্যে লিখিত কর্মপরিকল্পনা দেওয়ার বিষয়ে সম্মতি দেন। কৃষক প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, প্রস্তাবিত কর্মপরিকল্পনায় ক্ষতিপূরণ প্রদান, ক্ষতিগ্রস্ত জমি পুনরুদ্ধার এবং ভবিষ্যতে দূষণ প্রতিরোধে সুস্পষ্ট পদক্ষেপের উল্লেখ থাকবে।
এ বিষয়ে কৃষক প্রতিনিধি ও গ্রিন ভয়েস অব ভরাডোবার আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. রুহুল আমিন বলেন, “আমরা আশ্বাসের চেয়ে লিখিত কর্মপরিকল্পনা এবং তার বাস্তবায়ন দেখতে চাই। কৃষকদের ন্যায্য অধিকার ও পরিবেশ সুরক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।”
তিনি আরও বলেন, “আমরা সংঘাত নয়, সমাধান চাই। শিল্পের উন্নয়ন হোক, তবে তা যেন কৃষি, কৃষক ও পরিবেশের ক্ষতির কারণ না হয়।”
ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রত্যাশা, নির্ধারিত সময়ের মধ্যে লিখিত কর্মপরিকল্পনা প্রদান এবং তা বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান হবে।
সম্পাদক : মোঃ আব্দুল্লাহ আনছারী আকরাম
প্রকাশক : সারোয়ার হাসান সজিব
মোবাইল : +৮৮০১৫১১১৬১৮৮৮
টেলিফোন: +৮৮০৯৬৪৯১৬১৮৮৮
ই-মেইল : editor.bhalukarbarta@gmail.com
ঠিকানা: টি এন টি মোড়, ভালুকা পৌরসভা, ভালুকা-২২৪০, ময়মনসিংহ
© ২০২০-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত ভালুকার বার্তা