ভালুকা উপজেলার বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মুহাম্মদ মোর্শেদ আলম দলীয় মনোনয়ন না পেয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। রবিবার (২৮ ডিসেম্বর) সাংবাদিকদের সামনে তিনি ঘোষণা করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে পদত্যাগ করে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবেন।
জানা যায়, মোর্শেদ আলম মনোনয়নপ্রত্যাশী হিসেবে ভালুকার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে অসহায় মানুষের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ, গণসংযোগ, সভা ও উঠান বৈঠকের মাধ্যমে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে আসছিলেন। তবে দল থেকে তাকে মনোনয়নের টিকিট দেওয়া হয়নি।
এই বিষয়ে মুহাম্মদ মোর্শেদ আলম বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া পদক্ষেপ আমাকে আশ্বস্ত করেছে যে, আসন্ন নির্বাচন সুষ্ঠু হবে। আমি জনগণের প্রত্যাশা ও বিশ্বাসের প্রতি দায়বদ্ধ থাকবো। দল আমাকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার কারণে বহিষ্কার করতে পারে, তবে আমি তার আগেই নিজ উদ্যোগে পদত্যাগপত্র জমা দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করব। আমার লক্ষ্য কখনোই কোনো দলীয় পদ নয়; আমি নির্বাচন করব জনগণের অধিকার ও প্রত্যাশা পূরণের উদ্দেশ্যে।
তিনি আরও বলেন, এ পথে যেকোনো ধরনের আঘাত, বাধা বা শাস্তি আসুক না কেন, আমি আমার প্রতিশ্রুতিতে অটল থাকব। আমার জন্য নির্বাচনের মূল লক্ষ্য হলো জনগণের সেবা এবং তাদের ভোটের মর্যাদা নিশ্চিত করা।
সম্পাদক : মোঃ আব্দুল্লাহ আনছারী আকরাম
প্রকাশক : সারোয়ার হাসান সজিব
মোবাইল : +৮৮০১৫১১১৬১৮৮৮
টেলিফোন: +৮৮০৯৬৪৯১৬১৮৮৮
ই-মেইল : editor.bhalukarbarta@gmail.com
ঠিকানা: টি এন টি মোড়, ভালুকা পৌরসভা, ভালুকা-২২৪০, ময়মনসিংহ
© ২০২০-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত ভালুকার বার্তা